জমি দখলকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় নিহত বেড়ে ২

রাজশাহীর বাঘার পদ্মার চরে জমি দখলকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় নাজমুল মন্ডল (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস নাজমুল মণ্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।

একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত হন আমান মন্ডল (৩৬)।

সংঘর্ষের ঘটনায় মুনতাজ মন্ডল (৩২) ও রাকিব হোসেন (২০) নামে আরও দুজন গুলিতে আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আাছেন। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলিতে নিহত আমান ও নাজমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যার পর থেকে খানপুর পদ্মার চরাঞ্চলের প্রায় দুই বিঘা জমি নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাকন বাহিনীর সঙ্গে বাঘার মনতাজ মন্ডল গ্রুপের দ্বন্দ্ব চলছিল। সোমবার সকালে মনতাজ মন্ডল ও তার সহযোগীরা জমিতে খড় কাটতে গেলে দুপুরের দিকে কাকন বাহিনীর ১০–১৫ জনের একটি সশস্ত্র দল সেখানে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গোলাগুলির শব্দ শুনে শুরুর দিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করতে যায়। কিন্তু গুলির তীব্রতার কারণে আহতদের উদ্ধারে ব্যর্থ হন তারা। পরে আরও গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছালে কাকন বাহিনীর লোকজন সটকে পড়েন। তখন আহত ব্যক্তিদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে আমান মন্ডল মারা যান। পরে রামেক হাসপাতালে নেওয়ার পথে নাজমুলও মারা যান।

চিকিৎসক নিহার চন্দ্র মন্ডল বলেন, মুনতাজের শরীরের বিভিন্ন স্থানে অন্তত অর্ধ শতাধিক, রাকিবের শরীরে প্রায় ৮০, নাজমুলের শরীরে প্রায় ৩৫ এবং আমানের মাথাসহ শরীরের পাঁচ জায়গায় গুলির চিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থান দেখে ধারণা করা যায়, দেশীয় পিস্তল এবং রাবার বুলেটে তারা হতাহত হতে পারেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস নাজমুল মন্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৯টা পর্যন্ত তার মরদেহ মেডিকেল কলেজের সামনে অ্যাম্বুলেন্সে রাখা ছিল। আহত অন্য দুজনকে অস্ত্রোপচার করে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

আমান মন্ডল ও নাজমুল মন্ডলের পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, উপজেলার খানপুর চরাঞ্চলে জমি দখলকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’র লোকজন হামলার ঘটনা ঘটিয়েছে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল জানান, হাসপাতাল থেকে আমান মন্ডলের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগ (মর্গে) পাঠানো হবে। নাজমুলের মরদেহ ইতোমধ্যে রামেকের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। এ বিষয়ে নিহতদের পরিবার মঙ্গলবার থানায় অভিযোগ করার কথা রয়েছে। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।