পাবনার চাটমোহর-পাবনা সড়কের কায়েমখোলা মোড়ে ট্রাকচাপায় নওশের প্রাং (৬৫) নামের এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নওশের প্রাং চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত নজু প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,নিহত নওশের অটোভ্যান নিয়ে চাটমোহর থেকে আটঘরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে কায়েমখোলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (নং ঢাকা মেট্টো-২৪৩৮-৭৯) অটোভ্যানটিকে চাপা দেয়। এসময় নওশের ট্রাকের নিচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়েছে। ট্রাকটি পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।