সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন একজন অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে উল্লাপাড়া পৌর শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে রেজাউল করিম (৩৮) এবং শাহজাদপুর উপজেলার শিমুলতলী গ্রামের আব্দুস সালামের ছেলে আলামিন (৩০)। অসুস্থ হোসেন আলী (২৮) উল্লাপাড়ার বালসাবাড়ী গ্রামের বাসিন্দা। তাকে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে উল্লাপাড়ার পাট ব্যবসায়ী রাম সাহা ও রবির সাহার নির্মাণাধীন মার্কেটের সেপটিক ট্যাংকের ভেতরে নেমে নির্মাণ শ্রমিক রেজাউল ও আলামিন অসুস্থ হয়ে চিৎকার শুরু করেন। পরে নির্মাণ শ্রমিক হোসেন আলীসহ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ট্যাংকে নেমে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলে রেজাউল ও আলামিন মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় হোসেন আলীকে হাসপাতালে পাঠানো হয়।

ইত্তেফাক/আরকেজি