নওগাঁয় জলাশয়ে ভাসছিল নারীর গলিত মরদেহ

নওগাঁর পোরশা উপজেলায় একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় বোরখা পরা এক অজ্ঞাতনামা নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছাওড় ইউনিয়নের পারিলা গ্রামের পাশের একটি জলাশয় (খাড়ি) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, স্থানীয়রা খাড়ির পানিতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত নারীর পরনে ছিল খয়েরি রঙের বোরখা।

ওসি মিন্টু রহমান আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৮ থেকে ১০ দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ খাড়ির পানিতে ফেলে রাখা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই দিনে উপজেলার কপালির মোড় এলাকায় মাটিবাহী দ্রুতগতির ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। একই দিনে পরপর দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।