নিখোঁজের ২০ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে শাফিয়া বেগম (৪৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পশ্চিম পাশে দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার ধোঁপার কুরা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাফিয়া বেগম ওই এলাকার আফসার আলীর স্ত্রী।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার পর থেকে বুধবার দুপুর পর্যন্ত স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিকেলে বাড়ির পাশের বিলের পাড়ে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়, তিনি হয়তো বিলের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

পরিবারের সদস্যরা খবর দিলে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালান। তবে বিকাল ৪টা পর্যন্ত তারা মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হন। পরে বিকাল সাড়ে ৫টার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে শাফিয়া বেগমের মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শাফিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। ঢাকা ও রংপুরসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করেও তার আরোগ্য হয়নি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।

ফুলবা‌ড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, মরদেহে সুরতল সম্পূর্ণ করে রাত সাড়ে ১২ টা ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ থানায় নিয়ে আসা হয়। প্রকৃত মৃত্যুর কারণ জানার জন্য বৃহস্পতিবার সকালে মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।