নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির চাপায় আয়েশা আক্তার (২২) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নিহতের সঙ্গী ও মোটরসাইকেল চালক খালেদ হোসেন (২৭)।
নিহত আয়েশা আক্তার পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর তাপালবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। আহত খালেদ হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার হাসান আলীর ছেলে।
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খালেদ হোসেন জানান, তিনি ও আয়েশা সোনারগাঁও থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটীর দিকে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্যাংক লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়েন এবং লরিটি আয়েশাকে চাপা দেয়।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আয়েশা আক্তারের মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, পেছন দিক থেকে ট্যাংক লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তরুণীটি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্যাংক লরিটি জব্দ করেছে। তবে লরিচালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। তাকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।