বিদেশে উচ্চশিক্ষা আর কেবল ধনী পরিবারের সন্তানদের স্বপ্ন নয় এখন এটি সম্ভব পরিশ্রম, আত্মবিশ্বাস ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে। এমন অনুপ্রেরণামূলক বার্তা নিয়েই নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘Higher Education, Possibilities and Dream’ শীর্ষক শিক্ষা সেমিনার।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে সেমিনারটি যৌথভাবে আয়োজন করে IELTS World ও Smart World Consultancy।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেসক্লাব ইউকে-এর সাংগঠনিক সম্পাদক ড. আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এবং ডেইলি নারায়ণগঞ্জ অনলাইন-এর সম্পাদক মনির মুন্না।
এছাড়া জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক সেমিনারে অংশ নেন।
বক্তারা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া, ভিসা প্রস্তুতি, শিক্ষাবৃত্তি, এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি ইংরেজি দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং মানসিক প্রস্তুতি নিয়েও পরামর্শ দেন তারা।
প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের বিশ্বনেতা। তোমাদের চোখে আমি দেখি স্বপ্নের আগুন, সেই আগুনই একদিন আলোকিত করবে বাংলাদেশকে। উচ্চশিক্ষা শুধু নিজের উন্নতির জন্য নয়, এটি দেশের উন্নয়নেও এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ।’
প্রধান বক্তা ড. আতাউর রহমান বলেন, ‘আজকের বিশ্বে উচ্চশিক্ষা কেবল একটি সনদ নয়, এটি মানসিক ও পেশাগত পরিপূর্ণতার প্রতীক। বিদেশে পড়াশোনার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু জ্ঞানই অর্জন করে না, বরং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের গুণাবলি এবং সংস্কৃতির প্রতি সহনশীলতাও অর্জন করে। বাংলাদেশি শিক্ষার্থীরা এখন বিশ্বের যেকোনো প্রান্তে নিজেদের মেধা ও যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার সামর্থ্য রাখে।’
তিনি আরও বলেন, ‘বড় স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্ন পূরণে ঘাম ঝরাতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। বিদেশে পড়াশোনা কেবল তোমার জীবনের পথ নয়, এটি তোমার দেশের জন্যও এক নতুন অধ্যায়ের সূচনা।’
IELTS World ও Smart World Consultancy–এর প্রতিনিধিরা বলেন, এই সেমিনারের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে থাকা ভয় ও দ্বিধা দূর করা। বিদেশে পড়াশোনা কেবল সার্টিফিকেট অর্জনের বিষয় নয়, এটি জীবনের নতুন দিগন্ত উন্মোচনের সাহস।
অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, বিদেশে পড়াশোনা নিয়ে আগে ভয় লাগত, আজ বুঝেছি সঠিক দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস থাকলে আমরাও পারব।
অভিভাবকেরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তাদের মতে, এমন সেমিনার শিক্ষার্থীদের বাস্তব তথ্য জানার সুযোগ দেয়, নতুন উদ্যমে লক্ষ্য স্থির করতে সহায়তা করে।