রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে স্তন ক্যান্সার রোগীর সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে গত পাঁচ মাসে অস্ত্রোপচার করা ২৬৭ জন ক্যান্সার রোগীর মধ্যে ১০২ জনই স্তন ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকদের মতে, অধিকাংশ নারী সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় অনেকেই মৃত্যুবরণ করছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-১ এ সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানানো হয়।
সেমিনারে রমেক হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. সামিহা তাসনিম মুনমুন উপস্থাপিত তথ্য চিত্রে জানান, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্রেস্ট ক্লিনিকে মোট ১,১৩৭ জন রোগী চিকিৎসা নিতে এসেছিলেন। এর মধ্যে ৫৪ জনের স্তন ক্যান্সার ধরা পড়ে, যার মধ্যে ৪২ জনই তৃতীয় বা চতুর্থ পর্যায়ের রোগী।
তথ্য চিত্র অনুযায়ী, রমেক হাসপাতালে অস্ত্রোপচার করা ক্যান্সার রোগীদের মধ্যে রেকটাল ক্যান্সার ১৫.৫৪ শতাংশ, কোলন ক্যান্সার ২১.৯ শতাংশ, স্টমাক ক্যান্সার ২৪.৪২ শতাংশ এবং স্তন ক্যান্সার ৩৭.৭৪ শতাংশ রোগীর মধ্যে শনাক্ত হয়েছে।
সেমিনারে বক্তারা বলেন, স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং কার্যক্রম ও প্রাথমিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ বিষয়ে তৃণমূল পর্যায়ে নারী সমাজকে সম্পৃক্ত করতে হবে।
রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান আকন্দ, মেডিসিন বিভাগের প্রধান ডা. মোখলেছুর রহমান সরকার, হাসপাতালের রেডিওলজিস্ট ডা. শফিকুল ইসলাম, রমেকের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নুর ইসলাম এবং সার্জারি বিভাগের প্রাক্তন শিক্ষক ডা. জাবেদ আখতার প্রমুখ।