রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তবে কমছে না গরম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে গরমের অনুভূতি কমবে না, কারণ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের যেকোনো সময় কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজ দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ‘ট্রেস’ আকারে রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৫ মিনিটে।

এদিকে, সারাদেশের জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।