রাজবাড়ীতে ট্রাক চাপায় দুইজন নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী জামাল মন্ডল (৪৫) ও ভ্যানচালক ইসলাম শেখ (৫০)। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। আটককৃত ট্রাকচালক মো. পিকুল মাগুরা সদর থানাধীন শিরিকনগর এলাকার বাসিন্দা।

নিহত মোটরসাইকেল আরোহী জামাল মন্ডল নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের আব্বাস মন্ডলের ছেলে। ভ্যানচালক ইসলাম শেখ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাঁকুর নওপাড়া গ্রামের হোসেন শেখের ছেলে।

আরও পড়ুন: রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা রুস্তম আলীর দাফন সম্পন্ন

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা জানান, বালি বোঝাই একটি ডাম্পিং ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৮০৪) পাংশার হাবাসপুর থেকে বালিয়াকান্দির আঞ্চলিক সড়ক হয়ে মাগুরার দিকে যাচ্ছিলো। ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছালে বাম পাশের সড়ক থেকে একটি মোটরসাইকেল আঞ্চলিক সড়কে ওঠার সময় ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল ও ভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক ও মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে বালিয়াকান্দি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইত্তেফাক/নূহু