চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় মাদ্রাসা ছাত্রের মাথা কেটে হত্যা মামলায় প্রধান আসামি মাদ্রাসা সুপার আবু হানিফকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার আলমডাঙ্গা আমলী আদালতের বিজ্ঞ বিচারক পাপিয়া নাগ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই বুধবার সকালে নুরানী এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আবির হুসাইনের মাথাকাটা মরদেহ মাদ্রাসার পার্শ্ববর্তী একটি ইটভাটার কাছে আমাবাগান থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই দিনই মাদ্রাসা সুপার আবু হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে জানতে পারে, সুপার আবু হানিফ তার ছাত্র আবির হুসাইনকে কিছুদিন ধরে বলাৎকার করে আসছিলো। বলাৎকারের ঘটনা জানাজানি হওয়ার ভয়ে আবিরকে হত্যার পরিকল্পনা করে সে। পরিকল্পনা অনুযায়ী ২৪ জুলাই বুধবার রাতে তাকে গলা কেটে হত্যা করে। তারপর মাথাটি একটি পুকুরে গুম করে লাশ বাগানে ফেলে রাখে।
নিহত ছাত্র আবির ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার খালকুলা ইউনিয়নের খালিশপুর গ্রামের আলি হোসেনের ছেলে। সে ৬ মাস আগে এই মাদ্রাসায় ১ম শ্রেণিতে ভর্তি হয়। আবির হত্যা ঘটনায় আটক আরও দুজন কারাগারে রয়েছে।
আরও পড়ুন: ‘সৌদি আরব তুইন আমার স্বামীর লাশ আইনা দাও বাবারা’
আলোচিত মাদ্রাসা ছাত্র আবিরকে মাথা কেটে হত্যার ঘটনায় প্রশাসনে ব্যাপক তোলপাড় ওঠে। ঘটনার দিন বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে র্যাবের একটি ডগ স্কোয়াড কয়রাডাঙ্গা গ্রামে এসে পৌঁছে। ডগ স্কোয়াডের সদস্যরা নিহত আবিরের কাটা মাথা উদ্ধারের চেষ্টা করতে থাকে। এছাড়াও খুলনা থেকে আসে একটি ডুবুরী দল। পুলিশের চতুর্মুখী অভিযানে পরের দিন একটি পুকুর থেকে আবিরের কাটা মাথা উদ্ধার করে পুলিশ।
ইত্তেফাক/নূহু