মাদারগঞ্জে নদীতে ডুবে ৫ শিশু নিখোঁজ, ৩ জনের লাশ উদ্ধার 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান আনার সরকার বাড়ীঘাট এলাকায় ঝারকাটা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনো দুইজন শিশু নিখোঁজ রয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কাজে স্থানীয় গ্রামবাসী ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহায়তা করছেন।

নিহতরা হচ্ছে- পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন। মরিয়ম ও আবু হাসানের পিতা দুদু মিয়া সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে। তাঁদের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান গ্রামে।

এদিকে এখনো নিখোঁজ দুই শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে থেকে সার্বিক অভিযান পরিচালনা করছে।

স্থানীয় বাসিন্দা আবুল মিয়া জানান, বিকেলে ৬ জন শিশু একসাথে নদীতে গোসল করতে যায়। একজন নদীর তীরে দাঁড়িয়ে থাকে অন্য ৫ জন গোসলে মানে। কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়। তীরে থাকা ইয়াছিন তাদের ডুবে যাওয়া দেখে দৌড়ে বাড়ীতে যেয়ে খবর দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।