সিরাজগঞ্জে জলাবদ্ধতায় প্রায় ৫০০ একর আবাদি জমি অনাবাদি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জলাবদ্ধতার কারণে প্রায় ৫০০ একর আবাদি জমি এ মৌসুমে অনাবাদি হয়ে পড়েছে। বিশেষ করে ধামাইনগড় ও সোনাখাড়া ইউনিয়নের চান্দাইকোনা, সিমলা, কোদলা, গদাইপুর, ক্ষুদ্রদৌলতপুর, কামালের চর, বাঁকাই, পার কৃষ্ণপুর ও সোনাখাড়ার গ্রামের জমিগুলো করতোয়া বিলের পাশে অবস্থিত।

ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, অল্প বৃষ্টিতেও এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে থাকায় আমন চাষাবাদ করা সম্ভব হয়নি। স্থানীয়দের মতে, ৯ গ্রামের নিচু অঞ্চলে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় সমস্যা আরও বাড়ছে।

বাঁকাই গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম জানান, জমি থেকে পানি অপসারণের জন্য যে বড় খাড়ী ড্রেজিং-এর ব্যবস্থা ছিল, তা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় কার্যকারিতা কম। সিমলার আখতার হোসেন বলেন, নদীতে পানি নিস্কাশনের জন্য বড় ধরনের পাইপলাইন থাকলে এ জলাবদ্ধতা হতো না।

এলাকাবাসী উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান জানিয়েছেন, কৃষি জমি চাষাবাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে, যাতে জলাবদ্ধতা দূর করা যায়। উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ন কবিরও নিশ্চিত করেছেন, দ্রুত প্রকল্প গ্রহণের মাধ্যমে জমি থেকে জল অপসারণের উদ্যোগ নেওয়া হবে।