সিলেটে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাণ গেলো বাবা-মেয়ের 

সিলেটের ওসমানীনগরে বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন আহতের খবর পাওয়া গেছে। 

শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগরের দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের মো. সফিক মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩১) ও তার মেয়ে আনিসা (৮)। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা–সিলেট মহাসড়কের দয়ামীর এলাকায় সিলেটগামী প্রাইভেট কারের সঙ্গে হবিগঞ্জগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক হারুন মিয়া নিহত হন। প্রাইভেট কারে থাকা আরও চার যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আনিছা বেগমকে মৃত ঘোষণা করেন।

সিলেটের শেরপুর হাইওয়ে থানার ওসি আবদুর রশিদ সরকার সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।