বগুড়ার সাইক জেনারেল হসপিটাল লিমিটেড এবং বগুড়া প্রফেশনালস ক্লাব (বিপিসি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বগুড়ায় স্বাস্থ্যসেবা সহযোগিতা ও কমিউনিটি সেবার ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হলো।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বিপিসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কো-ফাউন্ডার ও ক্লাব সেক্রেটারি মাসুদ মবিন, প্রভাষক মো. আবুল কালাম আজাদ, নেকটারের সাবেক পরিচালক ও মুহাম্মদ মাহমুদুর রহমানসহ অন্যান্য সদস্যরা। সাইক জেনারেল হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ অপারেশন মো. মামুনুর রশিদ রাসেল, মার্কেটিং ম্যানেজার সুব্রত কুমার ঘোষ ও মার্কেটিং অফিসার মো. সিহাব উদ্দিন।
বগুড়া ঠনঠনিয়া ভাই পাগলা মাজারের দক্ষিণ পাশে অবস্থিত সাইক জেনারেল হসপিটাল শুরু থেকেই মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে সুনাম অর্জন করেছে। সরকারি-বেসরকারি স্বনামধন্য চিকিৎসকরা এখানে নিয়মিত চিকিৎসা দেন। স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত এই হাসপাতাল সাইক গ্রুপ-এর পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত।
অন্যদিকে, বগুড়া প্রফেশনালস ক্লাবের প্রাথমিক সদস্য সংখ্যা এক হাজারেরও বেশি, যাদের শেকড় বগুড়ার সঙ্গে যুক্ত। ক্লাবটি পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং, কল্যাণ ও সদস্যদের অগ্রগতিতে নিবেদিত একটি প্রাণবন্ত সংগঠন, যা জ্ঞান-বিনিময় ও সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছে।
এমওইউ চুক্তির আওতায় সাইক জেনারেল হসপিটাল বিপিসি সদস্য ও তাদের পরিবারকে বিশেষ সুবিধা প্রদান করবে। এর মধ্যে রয়েছে প্যাথলজি টেস্টে ২৫%-৩০%% ছাড়, এক্স-রে ও অন্যান্য ইমেজিং সেবায় ২০% ছাড়, এমআরআই/সিটি স্ক্যান ২০% ছাড় ।
এই সহযোগিতা বিপিসি সদস্য ও তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা প্রদান করবে এবং স্বাস্থ্যসেবার উৎকর্ষতা ও পেশাগত কল্যাণের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করবে। উভয় প্রতিষ্ঠানই সমাজের সার্বিক কল্যাণে দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।