২১ হাজারের বেশি অবৈধ বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব

বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২১ হাজার ৬৫১ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। শনিবার (১ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১২৭৪৫ জনকে, অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য ৪৫৭৭ জনকে এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ৪৩২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১৬৮৯ জনের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ান, ৪৬ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের ছিলেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশে সহায়তা করলে- পরিবহন ও আশ্রয় প্রদান করলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা, পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।