ফের কার্যক্রম চালুর ঘোষণার দিনই বৈছাআ সাধারণ সম্পাদকের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের নেতা হাসান ইনাম। রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের সভাপতি রিফাত রশিদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রের ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

পদত্যাগপত্রে হাসান ইনাম উল্লেখ করেন, বর্তমানে তিনি দেশব্যাপী বিস্তৃত সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মতো মানসিক অবস্থায় নেই। তাই তিনি স্বেচ্ছায় ও স্বপ্রণোদিতভাবে এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি।

চিঠিতে হাসান ইনাম লেখেন, ‘গত চার মাস ধরে জুলাই গণঅভ্যুত্থানের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সংগঠনকে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিসরে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একদল কর্মঠ কর্মীর সঙ্গে নিরলসভাবে কাজ করেছি। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে দীর্ঘ সময় নানা কর্মকাণ্ডে যুক্ত থাকায় আমি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বোধ করছি।’

তিনি আরও বলেন, ‘সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের কমিটি পুনর্গঠনের ঘোষণা দেখার পর মনে হয়েছে, এই মুহূর্তে সারাদেশব্যাপী দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতি আমার নেই। তাই স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার লড়াই অব্যাহত থাকবে।’

চিঠির শেষে তিনি জানান, সাধারণ সম্পাদক না হলেও অন্য কোনো ভূমিকায় বা বেনামে সংগঠনের কাজের সঙ্গে যুক্ত থাকতে চান তিনি এবং এ বিষয়ে সভাপতির অনুমোদন কামনা করেছেন।