বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

বিএনপির মনোনয়ন ঘোষণার পর ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকীর অনুসারীরা। 

সোমবার রাত আটটার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে তাঁরা এ কর্মসূচি পালন করেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে এক্সপ্রেসওয়ের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

শিবচর হাইওয়ে পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম মুঠোফোনে গণমাধ্যমকে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের বারবার বোঝানোর পরও তাঁরা অবরোধ তুলছেন না। তাঁরা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। বিএনপি নেতা লাভলু সিদ্দিকীর পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভকারীদের দাবি, বিএনপি ঘোষিত প্রার্থী কামাল জামানকে পরিবর্তন করে লাভলু সিদ্দিকীকে মনোনয়ন দিতে হবে। কামাল জামান শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক।

ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশের এই পরিদর্শক বলেন, ‘অবরোধ তুলে নিতে আমরা চেষ্টা করছি। আশা করছি দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক হবে। তবে প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলতে থাকায় এক্সপ্রেসওয়েতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে বহু গাড়ি।’ যানজটে আটকে পড়া যশোর থেকে ঢাকাগামী যাত্রী দিলীপ মোদক গণমাধ্যমকে বলেন, ‘রাত পৌনে আটটা থেকে আমরা বাসে আটকা পড়েছি। পাঁচ্চর গোলচত্বরে লোকজন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন। দুই পাশে বহু যানবাহন আটকা পড়েছে।’

প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ আহমেদ বলেন, এক্সপ্রেসওয়ের গোলচত্বরে মানুষ জড়ো হয়ে লাভলু সিদ্দিকীর পক্ষে স্লোগান দিচ্ছেন। কাঠ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। পুলিশ আন্দোলনকারীদের সংখ্যা বেশি হওয়ায় নিয়ন্ত্রণ করতে বাঁধাগ্রস্ত হচ্ছেন। দীর্ঘ সময় অবরোধ চলতে থাকায় উভয়পাড়ের ৮ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকী সোমবার রাত ৯টার দিকে মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, ‘যারা জয় বাংলা বলে এখনো, যাদের চৌদ্দগুষ্টি কোনো দিনও বিএনপি করে নাই। তাদের মনোনয়ন দেয় বিএনপি। ৫ আগস্টের আগে কোনো দিন শিবচরে তারা আসেনি।’

পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। রাত ৯টা ৫০ থেকে যান চলাচল শুরু হয় বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।