বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাদিয়া (৩০)। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে। তার স্বামী পারভেজ বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মাসুম ওরফে ছোট বাবুর পালিত ছেলে এবং পেশায় একজন বাসচালক।
স্থানীয়দের ধারণা, সাদিয়াকে হত্যা করে মরদেহ ঘরের ভেতর রেখে পালিয়ে গেছে কেউ। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে ঘরের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। সে গত তিন বছর ধরে রণবিজয়পুর গ্রামের শহিদুল চাকলাদারের বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্বামী পারভেজের সঙ্গে থাকতো। শুক্রবারের পর থেকে নিহত সাদিয়ার স্বামী পারভেজকে ওই এলাকায় আর কেউ দেখেনি।
সবদিকে বিবেচনা করে গৃহবধূর মৃত্যুর কারণ খুঁজতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে জানিয়ে তিনি আরও বলেন, আশা করি শিগ্গিরই এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।