বঙ্গোপসাগরের দুবলার চরে রাস উৎসব শেষে বাড়ি ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে বুধবার সন্ধ্যায় পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনের দুবলার চরের ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব শেষে বুধবার সকালে ২টি ইঞ্জিনচালিত বোট যাত্রীসহ পশুর নদীতে যাত্রা শুরু করে। পথে পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে বোট দুটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সেদিন সন্ধ্যায় মুঠোফোনের মাধ্যমে খবর পেয়ে বোট দুটি উদদ্ধার করে কোস্টগার্ড। পরে যাত্রী ও বোট দুটি জয়মনিরঘোল ঠোডা জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। উদ্ধার যাত্রীরা সবাই খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে দুটি বোটে থাকা ৪২ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া যাত্রীরা রাস উৎসব শেষে বাড়ি ফিরছিল। দুটি বোটসহ তাদের ঠোডা জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।