চট্টগ্রাম বন্দরে দুই কনটেইনারে নিষিদ্ধ পপি সিড আটক

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা দুটি কনটেইনারে ২৪ হাজার ৯৬০ কেজি নিষিদ্ধ পপি সিড (পোস্ত দানা) আটক করেছে কাস্টম হাউস। মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা এ চালানের ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা, তবে কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার এইচএম কবির গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চালানটি আটক করে। চালানটি চট্টগ্রামের কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিংয়ের নামে আসে এবং ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের অফডকে রাখা ছিল।

সূত্র জানায়, পাকিস্তান থেকে ৯ অক্টোবর বন্দরে পৌঁছায় চালানটি। পরে ১৪ অক্টোবর হালিশহরের শান্তিবাগের সিঅ্যান্ডএফ এজেন্ট এমএইচ ট্রেডিং চালানটি খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে। খালাস স্থগিত করার পর ডিপো কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ প্রতিনিধিদের উপস্থিতিতে ২২ অক্টোবর কায়িক পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় দেখা যায়, কনটেইনারের মুখের দিকে ‘বার্ড ফুড’ সাজিয়ে রাখা হলেও তার পেছনে ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড লুকানো ছিল। এতে আরও ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড পাওয়া যায়। পণ্যের নমুনা সংগ্রহ করে উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে একটি নমুনা পপি সিড হিসেবে শনাক্ত হয়।

কাস্টম সূত্র অনুযায়ী, পপি সিড অঙ্কুরোদগম উপযোগী হলে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ‘ক’ শ্রেণির মাদক হিসেবে গণ্য হয়। একই সঙ্গে আমদানি নীতি আদেশ ২০২১-২৪ এর অনুচ্ছেদ ৩(১)(খ) অনুসারে এটি ১৫ নম্বর ক্রমিকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে। মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পণ্য আমদানির অভিযোগে কাস্টমস আইন, ২০২৩-এর বিধান অনুযায়ী চালানটি জব্দ করা হয়েছে বলে জানান ডেপুটি কমিশনার এইচ এম কবির। চালানটির বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।