পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনটি ‘হোল্ড’ রাখার প্রতিবাদে এবং বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের নাম ঘোষণার দাবিতে গলাচিপা ও দশমিনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যার পর দশমিনা উপজেলার আউলিয়াপুর বাজারে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে এসে এক পথসভায় পরিণত হয়।
এর আগে, বুধবার সন্ধ্যার পর গলাচিপা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী গলাচিপা-দশমিনার জননন্দিত নেতা হাসান মামুনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে। তারা সতর্ক করে বলেন, ঘোষণা না দেওয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল, সমাবেশসহ আরও কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে।
বক্তারা এ কর্মসূচির মাধ্যমে দলীয় নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তাদের কাঙ্ক্ষিত নেতা হাসান মামুনের নাম প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, দশমিনা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আলিম তালুকদার, সাধারণ সম্পাদক মো. শাহ-আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফকুরুজ্জামান বাদল প্রমুখ।