থানা চত্বর থেকে জব্দ করা জাটকা লুট, জিডি করল পুলিশ

বরগুনার আমতলী থানা থেকে নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে জব্দ করা প্রায় দেড় হাজার কেজি জাটকা ইলিশ লুট হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে; কিন্তু তালতলী, কলাপাড়া ও আমতলী উপজেলার কয়েকজন জেলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবাধে জাটকা ইলিশ শিকার করেছেন। এসব ইলিশ গতকাল দুপুরে চারটি গাড়িতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পাঠানোর প্রক্রিয়া চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর সদস্য ও উপজেলা মৎস্য অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার কেজি জাটকা জব্দ করে। পরে জব্দ করা জাটকা আমতলী থানায় রাখা হয়। গতকাল বিকেলে এসব মাছ স্থানীয় ৫০টি এতিমখানায় বিতরণ করা হচ্ছিল। ওই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ দুই শতাধিক মানুষ থানা চত্বরে ঢুকে মাছগুলো লুট করে নেন।

জাটকা ইলিশ লুট ঠেকানোর চেষ্টা করেও পারেননি বলে জানিয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। তিনি বলেন, ‘জব্দ করা অর্ধেক মাছ সঠিকভাবে বণ্টন করা হয়েছে। বাকি অর্ধেক মাছ লোকজন নিয়ে গেছে।  আমরা এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। মৎস্য বিভাগকে মামলা দেওয়ার জন্য অনুরোধ করেছি। মামলার পর আইনগত ব্যবস্থা নেব।’

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। থানা একটি সুরক্ষিত জায়গা, সেখান থেকে মাছ লুটের প্রশ্নই আসে না। তার পরও যদি লুট হয়ে থাকে, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’