পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস বিএনপির নাই: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ধর্মের ব্যবসা করা একটি দল বলছে, একটি বৃহৎ দল গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে, যারা এই কথা বলছে তারা স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে র‍্যালী পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘এই দেশের স্বাধীনতা বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্ব হয়েছিল। আজকে ৭ নভেম্বর, আপনারা দিনটিকে অশ্রদ্ধা জানিয়েছেন, এই দিন নিয়ে কোনো কথা বলছেন না- বলছেন একটি বৃহত্তর দল ষড়যন্ত্র করছে। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই। পেছনে দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই, বরং আপনারা বারবার চেষ্টা করেছেন ১৯৪৭ সাল থেকে। সেই সময় স্বাধীনতা আন্দোলন আপনারা করেন নাই, জনগণের বিরুদ্ধে গিয়েছেন। একাত্তর সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন। এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘বিএনপি কিছু দিন যাবত খুব শান্ত, সভ্য, ভদ্র হিসেবে...আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করবো। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না।’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘অনেকে লম্বা লম্বা কথা বলেছে সনদ নিয়ে। আমরা বারবার এটাকে মানতে চেয়েছি, কিন্তু আপনারা একটা না একটা খুঁত ধরছেন এবং এটা নষ্ট করার চেষ্টা করছেন। এই সমস্ত অপকর্ম বাদ দেন। বিগত দিনের ইতিহাস দেখে নেন, আপনারা ক্ষমা চান। এখনো সময় আছে, জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।’