৬ হত্যা মামলার আসামি মেজর ইকবাল গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সুলতানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

ইকবাল ওই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে অন্তত ৪০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১১টি মামলা বর্তমানে বিচারাধীন, যার মধ্যে ৬টি হত্যা মামলা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল পুলিশকে জানিয়েছেন, তিনি এর আগে সাত বছর কারাভোগ করেছেন এবং ২০১০ সালে জামিনে মুক্তি পান। পরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করে কয়েক বছর আগে দেশে ফিরে আসেন।

১৯৮৯ সালে ছাত্রলীগ নেতা ফখরুদ্দিন মোহাম্মদ বাবর ও রাউজান কলেজের ভিপি মজিবুর রহমান হত্যা মামলার পর থেকেই আলোচনায় আসে মেজর ইকবালের নাম। পরে ১৯৯৩ সালে চেয়ারম্যান আকতার হোসেনকে ব্রাশফায়ারে হত্যা, রাউজানের দুই ভাই টিটু ও মিঠু হত্যা, মুক্তিযোদ্ধা নিহার কান্তি বিশ্বাস হত্যা, এবং একাধিক ছাত্রলীগ নেতাকে হত্যার মামলাতেও তার নাম আসে।

পুলিশ সূত্র জানায়, একসময় ইকবাল আওয়ামী লীগের রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর অনুসারী হিসেবে কাজ করতেন। সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির এক নেতার ঘনিষ্ঠ হয়ে এলাকায় অবস্থান করছিলেন। এমন খবরে ইকবালকে ধরতে অভিযান চালানো হয়। তবে তাঁর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। অস্ত্র থাকার কথাও তিনি স্বীকার করেননি। তাঁকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মেজর ইকবাল নামে পরিচিত এই সন্ত্রাসীকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।