জামালপুরের মাদারগঞ্জে ২৭টি সমবায় সমিতির আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করেছেন গ্রাহকরা। এতে উপজেলা পরিষদের সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অফিস।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে শত শত গ্রাহক উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে এ অফিস ঘেরাও করেন। ‘সমবায় সমিতির আমানত উদ্ধার কমিটির’ উদ্যোগে এই ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে মাইক লাগিয়ে আমানতের টাকা ফেরতের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।
বিকেল সাড়ে ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করছেন গ্রাহকরা।
সমিতির আমানত উদ্ধার কমিটির নেতা শিবলুল বারী রাজু, আ. রহিম সোনা মোল্লাসহ আরও কয়েকজন জানান, মাদারগঞ্জ উপজেলায় ১৭টি সমবায় সমবায় সমিতির পরিচালকরা কয়েক হাজার গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে। দীর্ঘদিন তারা টাকা উদ্ধারের জন্য আন্দোলন করে আসছে। বিষয়টি সমাধানে উপজেলা প্রশাসন বারবার আশ্বাস দিলেও টাকা ফেরত পাননি তারা। এই পরিস্থিতিতে প্রশাসনের প্রশ্রয়ে সমিতিগুলো গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ তুলেছেন তারা।
এ বিষয়ে জানতে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ্-কে কয়েকবার ফোন দিলেও তিনি কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলায় ১৭ সমবায় সমিতি গ্রাহকদের উচ্চ সুদের লোভ দেখিয়ে এই অঞ্চলের ৩৫ হাজার গ্রাহকের প্রায় ১৫শ কোটি টাকা আত্মসাৎ করে অফিস বন্ধ করে গা ঢাকা দেয় বলে অভিযোগ দীর্ঘ দিনের। এ নিয়ে এর আগে বিভিন্ন কর্মসূচি পালিত হলেও বিষয়টি সমাধান হয়নি।