গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত এক, আহত ৭

গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে শামিম মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর রাতে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। পিটুনিতে নিহত শামিম মিয়া মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- বরিশাল জেলার সদর উপজেলার হাশেমের ছেলে লিটন (৩০), একই জেলার উজিরপুর থানার সকরাইল গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩২), বাবুগঞ্জ থানার চর ফতেপুর গ্রামের আ. লতিব সরদারের ছেলে মো. ইলিয়াছ সরদার (৩৫), বগুড়া জেলার সদর উপজেলার মালগ্রামের বাদশা শেখের ছেলে ফারুক শেখ (৪৫), একই জেলা ও উপজেলার রসুলপুর গ্রামের আকমলের ছেলে সোহাগ (৪১), নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার পাথড়া গ্রামের বিনোদ সরকারের ছেলে বিপ্লব সরকার (৩২) ও কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানার পূর্বধলা গ্রামের হোসেন মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৪৫)।

আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে মুকসুদপুর উপজেলার লখাইড়চর গ্রামের মো. ঝিল্লু কাজীর গোয়াল ঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ট্রাকটি উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজী গ্রামে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে ট্রাকে থাকা ৮ জনকে গণপিটুনি দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মিয়ার মৃত্যু হয়।

ওসি মোস্তফা কামাল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মারাত্মক আহত ৭ জনকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।