নিষিদ্ধ পলিথিন জব্দের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

পঞ্চগড়ের বোদায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে ফেরার পথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরকারি কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জওয়ানুল মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) মাগরিব নামাজের আগে বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে বোদা বাজারে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে।

জানা যায়, নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত পলিথিন জব্দ করা হয়।

এরপর জব্দকৃত পলিথিন ভ্যানে করে নিয়ে ফেরার পথে বিক্ষুব্ধ জনতা ভুয়া ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতকে ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। এ সময় তারা ভ্যানে থাকা জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয় এবং আদালতের পেশকারের ওপর চড়াও হয়। পেশকার পালানোর চেষ্টা করলে কতিপয় ব্যক্তি তাকে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে দুইজনকে পুলিশ ভূমি অফিসে ধরে নিয়ে আসে। এরপরও বিক্ষুব্ধ জনতা অফিসের বাইরে বিক্ষোভ চালায়। পরিস্থিতি জটলা সৃষ্টি করলে সেনাবাহিনী এসে জনতাকে সরিয়ে পরিস্থিতি শান্ত করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান ও জনতা মব সৃষ্টি করে জব্দকৃত মালামাল লুট করেছে। পরে লুটকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় হায়দার আলী ও হাসান আলী নামের দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে হাসান আলিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরজন হায়দার আলীসহ ১৬ জনের নামে সরকারি কর্মকাণ্ডে বাধা প্রদান ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে বোদা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।