ফরিদপুর

পেট্রল বোমা-ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, পেট্রল ও হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় বোমা তৈরিতে জড়িত তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার  ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয় বলে ভাষ্য পুলিশের।

আটকরা হলেন- রাজ ইসলাম (২৫) পিতা, রাকিব (২৪) ও জিয়াউর রহমান (২৮)।

পুলিশ জানায়, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে ব্যবহারের জন্য বোমা তৈরি হচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে বোমা তৈরিতে ব্যস্ত ছিলেন ওই তিন যুবক। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। এসময় ধাওয়া দিয়ে তিনজনকেই আটক করে পুলিশ।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়েছি। কি পরিমাণ ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে তা সংবাদ সম্মেলনে জানানো হবে। তাদের যে পরিচয় পাওয়া গেছে; সেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।