দিনাজপুরের বীরগঞ্জের বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে জয়নাল আবেদীন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকালে আমতলী এলাকায় আমন ধান কাটাকে দুপক্ষের সংঘর্ষের সূত্রপাত। নিহত জয়নাল ওই এলাকার হরমুজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া জমি নিয়ে হরমুজ আলীর সঙ্গে তার মৃত ভাই হবিবরের ছেলে সায়েদ আলী, সাহার আলী, শাহাদাতসহ অন্যদের বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত হন জয়নাল। তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় নিহতের বাবা হুরমুজ আলী বাদী হয়ে অভিযুক্ত সায়েদ আলীসহ অন্যান্যদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারনামীয় আসামি শাহাদাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।