একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর তিনি এই মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার নিয়ে আমরা যে ৪৮টি প্রস্তাবে সর্বসম্মত হয়েছি, সেগুলো অবশ্যই জাতিকে জাতীয় নির্বাচনের পূর্বে জানানো দরকার — যাতে ভোটাররা তা বিবেচনা করে হ্যাঁ-না সিদ্ধান্ত নিতে পারেন।’

তিনি আরও বলেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হলে ভোটপ্রক্রিয়ায় জটিলতা ও সংকট সৃষ্টি হবে। ‘এই প্রক্রিয়ার পাশাপাশি ভোটারকে আবার জাতীয় নির্বাচনের প্রতীকের উপরও ভোট দিতে হবে — এটা একটা সংকট তৈরি করবে,’ মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশে প্রতিটি নির্বাচনে কোথাও না কোথাও সহিংসতা বা বিশৃঙ্খলা দেখা গেছে; কখনো চার-পাঁচ কেন্দ্র বন্ধও হয়েছে। একই দিনে ভোট হলে কোনো কেন্দ্রে জাতীয় নির্বাচনের প্রতীকের ভোট বন্ধ হলে গণভোটের ফল কী হবে—তার কোন নিশ্চয়তা নেই।’

জামায়াত ও সমমনা আটটি দল দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বেই আয়োজন করা হোক। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তাহলে এই গণভোটের আইনি ভিত্তিটা দৃঢ় হবে এবং পরবর্তীতে আদালত বা আইনি ব্যাখ্যায় প্রশ্ন উঠবে না। কিন্তু একই দিনে দুটো ভোটের ঘোষণা সেই সংকটকে অপ্রত্যাহার্য রেখেছে।’