১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএল নিলাম

২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে। এই নিয়ে টানা তৃতীয় বছরের মতো আইপিএলের নিলাম দেশের বাইরে হতে যাচ্ছে। 

২০২৪ সালে প্রথমবার বিদেশে (দুবাই) আইপিএলের নিলাম আয়োজিত হয় এবং ২০২৫ মৌসুমের জন্য গত বছরের নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় দুই দিনের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এটি অন্য সব মিনি নিলামের মতো এক দিনের হবে।

২০২৫ সালের স্কোয়াড থেকে কোন খেলোয়াড়কে ছাড়া হবে আর কাকে রাখা হবে, সেই তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১৫ নভেম্বর ভারতীয় সময় বেলা তিনটার মধ্যে জমা দিতে হবে। এরপর ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা পাঠানো হবে, যেখান থেকে তারা নিজেদের তালিকা করবে। সেই বড় তালিকা ছেঁটে আইপিএল কর্তৃপক্ষ চূড়ান্ত নিলাম পুল তৈরি করবে। 

আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ নিলাম শুরুর এক সপ্তাহ আগপর্যন্ত খোলা থাকবে। এটি গত আইপিএলের পর চালু হয়েছিল এবং নিলাম শেষে ট্রেডিং আবার চালু হবে, যা ২০২৬ আইপিএলের শুরুর এক মাস আগপর্যন্ত চলবে। তবে ২০২৬ মৌসুমের নিলামে যাদের কেনা হবে, তাদের কাউকে কোনো দল ট্রেড (খেলোয়াড় অদলবদল) করতে পারবে না।ipl

আইপিএলে এ পর্যন্ত পাঁচ দলের মধ্যে চারটি ট্রেড নিশ্চিত হয়েছে। এর মধ্যে আইপিএল ইতিহাসের সবচেয়ে আলোচিত খেলোয়াড় অদলবদলের ঘটনাও ঘটেছে। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ট্রেডিং প্রক্রিয়ায় দলে পেয়েছে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে। 

রাজস্থান রয়্যালস থেকে তাকে দলে নিতে চেন্নাইকে রাজস্থানকে দিতে হয়েছে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনকে। বৃহস্পতিবার পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স নগদ চুক্তিতে দলে টেনেছে ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুর ও শেরফান রাদারফোর্ডকে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে শার্দূলকে ২ কোটি রুপিতে এবং গুজরাট টাইটানস থেকে রাদারফোর্ডকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিয়েছে তারা। 

আলাদা এক ট্রেডে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে মুম্বাই পেসার অর্জুন টেন্ডুলকারকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। ২০২৬ আইপিএল অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়সূচি ১৫ মার্চ থেকে ৩১ মে।