জামালপুর-২ আসন

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

জামালপুরের ইসলামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের বটতলা মোড়ে ইসলামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। পরে সেখানে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধনের কারণে ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে পথচারীরা দুর্ভোগের মধ্যে পড়েন। 

এসময় বিক্ষুব্ধরা বলেন, বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া সুলতান মাহমুদ বাবু দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতি পদে থেকেও বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মেয়াদে দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন না। তিনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলতেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিতেন। এ কারণে দীর্ঘ ১৭ বছরে তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার একটি মামলাও দায়ের করেনি। অথচ তার কমিটিতে থাকা দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব ১২টি মামলার আসামি হয়েছিলেন। অপরদিকে সাবেক মন্ত্রী পরিষদ সচিব বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আব্দুল হালিম বিগত সরকারের সময় ১৪টি মামলায় আসামি হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার কোনো আঁতাত না থাকার কারণেই তিনি একের পর এক মামলার আসামি হন। তাই আমরা নির্যাতনের শিকার ত্যাগী নেতা এএসএম হালিমকে চূড়ান্তভাবে মনোনয়ন নেওয়ার দাবি জানাচ্ছি।

বিক্ষোভ ও মানববন্ধনে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

এতে বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন, আব্দুর রউফ দানু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রুহুল আজম লুলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম তারা, উপজেলা বিএনপির সদস্য কামরুল হুদা পাহলোয়ান ষ্ট্যালিন, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল করিম ডেবিট, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুজন, মনির খান লোহানী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এমরুল হাসান কায়েসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।