যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি পৌর আদালত ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা আদায়ে অভিনব এক উপায় বের করেছেন। কোনো ব্যক্তি চাইলে জরিমানা নগদ অর্থে পরিশোধ না করে খাবার দান করার মাধ্যমে তা পরিশোধ করতে পারবেন। শুধু ট্রাফিক আইন লঙ্ঘন নয়; বরং সুনির্দিষ্ট আরও কিছু পৌর জরিমানা আদায়েও এ ব্যবস্থা থাকছে।
জরিমানা আদায়ের এই চমৎকার উপায়টি ‘ফুড ফর ফাইন প্রোগ্রাম’ নামে পরিচিত। স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষেরও এই ব্যবস্থা দারুণ পছন্দ হয়েছে; তারাও নির্দিষ্ট সময়ের মধ্যে বই জমা দিতে না পারা ব্যক্তিদের জরিমানা এভাবে আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে বই নষ্ট করলে বা হারিয়ে ফেললে এই উপায় চলবে না।
ওকলাহোমার চিকাশা শহরের বাসিন্দারা নভেম্বর মাসের বাকি সময় ট্রাফিক ও অন্যান্য পৌর জরিমানা এভাবে দিতে পারবেন। গ্রন্থাগারের জরিমানা এভাবে ডিসেম্বরজুড়েই দেওয়া যাবে। খাবার দানের মাধ্যমে আংশিক অথবা পুরো জরিমানা পরিশোধ করা যাবে।
চিকাশা পৌর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, খুব শিগগির নাগরিকেরা ট্রাফিক আইনভঙ্গ ও গ্রন্থাগারের বকেয়া দিতে ফুড ফর ফাইন প্রোগ্রামের সুবিধা নিতে পারবেন। এ প্রকল্পে জরিমানার শিকার ব্যক্তি প্রতিটি অপচনশীল খাদ্যদ্রব্য জমা দিয়ে ১০ ডলার জরিমানা হ্রাস করতে পারবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত জরিমানা কমাতে পারবেন।
যথাসময়ে জরিমানা পরিশোধ না করায় যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারাও গ্রেপ্তার হওয়ার ভয় ছাড়াই এ প্রকল্পে অংশ নিতে পারবেন।
আদালত ২৬ নভেম্বর পর্যন্ত এ প্রকল্প চালু রাখার কথা জানালেও চিকাশা গণগ্রন্থাগার কর্তৃপক্ষ পুরো ডিসেম্বরই এ প্রকল্প চালু রাখার কথা জানিয়েছে। ফুড ফর ফাইন প্রকল্পের আওতায় যেসব খাবার জমা পড়বে, সেগুলো চিকাশা ইমার্জেন্সি ফুড প্যানট্রিতে দান করা হবে বলে নগর কর্তৃপক্ষ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে চিকাশাই একমাত্র শহর নয়; এর আগেও আরও কয়েকটি শহরে খাবারদানের মাধ্যমে জরিমানা আদায়ের এ ধরনের প্রকল্প চালু করা হয়েছে।
সূত্র: ইউপিআই