মুন্সীগঞ্জে পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, এসআই প্রত্যাহার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশের সামনেই মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কামরুজ্জামান সিকদার নামের এক এসআইকে সিরাজদিখান থানা থেকে প্রত্যাহার করে মুন্সিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় মিছিলটি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৯টার দিকে ইমামগঞ্জ বাজারে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী মিছিল বের করেন। প্রায় ২০ মিনিট মিছিল শেষে নেতাকর্মীরা সেখান থেকে সরে পড়েন। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় সেখানে টহলরত পুলিশের গাড়ি দেখা গেছে। পরে ঘটনাটি জানাজানি হলে টহলে দায়িত্বরত এসআই কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহার করে মুন্সিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মিছিল চলাকালে পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিল। পুলিশ কর্মকর্তা কিছু বুঝে ওঠার আগেই মিছিলের লোকজন পালিয়ে যায়। তবে এই ঘটনায় এক এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।