ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া (৫০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার হেল্পার কামাল হোসেন (৩৪) আহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর সম্রাট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। এর ফলে পেছনে চলমান ঢাকামুখী ট্রাকটি সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন এবং হেল্পার আহত হন।

হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বাসসকে জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে সড়ক পুনরায় যান চলাচলের জন্য খোলা হয়।

পুলিশ জানায়, কাভার্ডভ্যানটির চালক পুলিশ আসার আগেই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।