ট্রাম্পের নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে ছিলেন মাস্ক-রোনালদোরা

যুক্তরাষ্ট্রে সফররত সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সম্মানে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করেন। 

এই নৈশভোজে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক এবং পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোসহ বেশ কয়েকজন তারকা অতিথি উপস্থিত ছিলেন। 

নৈশভোজে উপস্থিত প্রযুক্তি ও ক্রীড়াজগতের অন্যান্য বড় নামের মধ্যে ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ও মার্কিন গলফার ব্রাইসন ডি-শ্যাম্বো।বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক।

ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নৈশভোজে অতিথি হয়ে আসা খানিকটা চমক ছিল। কারণ, বছরের শুরুর দিকে তিক্ত বিরোধের পর গত কয়েক মাসে ট্রাম্প-মাস্ক প্রকাশ্যে একাধিকবার বিরোধে জড়িয়েছেন। পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

মঙ্গলবার নৈশভোজে মাস্কের উপস্থিতি ট্রাম্পের সঙ্গে তার বিবাদ মেটার ইঙ্গিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাস্ককে সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে রক্ষণশীল সমাজকর্মী চার্লি কার্কের স্মরণসভায় ট্রাম্পের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছিল।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করেন।

অন্যদিকে, নৈশভোজে উপস্থিত ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব ফুটবল দল আল নাসরের হয়ে খেলেন। উল্লেখযোগ্য যে, ক্লাবটির বেশির ভাগ শেয়ার সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন।

সূত্র: রয়টার্স