মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে থাকা একটি দোকানের ভেতর ঢুকে পড়েছে। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দোকানদার ইলিয়াচ সরদার (৪০)। তাছাড়া আহত হয়েছেন ইলিয়াচের মেয়ে ও ওই দোকানের ক্রেতাসহ মোট দুজন।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ১টার দিকে সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- লাবনী (১২) ও সওকত সরদার (৩৫)।
দুর্ঘটনায় নিহত ইলিয়াচ সরদার নয়াকান্দি বাজিতপুর গ্রামের মন্নাত সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালগামী কাভার্ডভ্যানটি ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে সড়কের পাশে থাকা একটি দোকানের ভেতর ঢুকে পড়ে কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দোকানদার ইলিয়াচ সরদার। আহত হন তার মেয়ে লাবনী ও ক্রেতা সওকত সরদার। এই দুর্ঘটনায় দোকানটি গুঁড়িয়ে যায়।
পরে আহত অবস্থায় লাবনী ও সওকত সরদারকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি আটক করেছে।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দুর্ঘটনায় ইলিয়াচ নামে একজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।