হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই ছাত্রের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজের দুই ছাত্র নাসির মিয়া এবং কাপ্তান বিল্লাহর মধ্যে কথা কাটাকাটি হয়। তারা উভয়ে উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। এর জের ধরে বুধবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে আবারও দুই পক্ষের লোকজন সংর্ঘে জড়িয়ে পড়ে। এ সময় ৬ দাঙ্গাবাজকে আটক করে পুলিশ। এ ঘটনায় হাসপাতালে আসা অন্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপস্থিত জনতা সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন।
আহতরা হলেন, ইউপি সদস্য মনসুর আলী (৩২), কুতুব আলী (৩০), হাসান মিয়া (২৫), সেকুল মিয়া (৩৫), গুলনেহার বেগম (৪০), জহির ইসলাম (৩০), ফজলুর রহমান (১৮), নজরুল মিয়া (৫২), মফিজুল আলম (২২), শরীফ মিয়া (২৫), মঈন উদ্দিন (৩০), আলিম (২৫), হৃদয় (২০), তারেক শেখ (১৭), মাসেক মিয়া (৩০), টিটু (২২), নয়ন মণি খাঁ (৩০), হাসিয়া বেগম (৪০), ইলিয়াস মিয়া (৫৫), বাবুল (৩০), মনির হোসেন (২১), গোলাম রাব্বি (৪৮), আলমগীর মিয়া (২৫), ওসমান (৩৫)।
সংঘর্ষের ঘটনায় আটককৃতরা হলেন মুহিত মিয়া (৪৫), হাফিজ উদ্দিন (৩৫), এরশাদ আলী (২৮), মো. পারভেজ (২১), গণি মিয়া (৫০), মহসিন (৩০)।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ১ হাজার অভিবাসী শিশু পিতামাতা থেকে আলাদা
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এছাড়া হাসপাতালে সংঘর্ষে জড়ানোর কারণে ৬ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ইত্তেফাক/নূহু