শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন পুলের বাসচালক মোহাম্মদ মনসুর দুই সন্তানের জীবন বাঁচাতে চরম আর্থিক অসহায়তায় দিন কাটাচ্ছেন। তার দুই শিশু ছেলে মারাত্মক জটিল রক্তজনিত রোগ থ্যালাসেমিয়া-য় আক্রান্ত। নিয়মিত রক্ত পরিবর্তন, ওষুধ ও চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি নিঃস্ব হওয়ার পথে।
মনসুর জানান, বড় ছেলে আহমদুল্লাহর বয়স ৪ বছর। প্রায় দুই বছর আগে তার থ্যালাসেমিয়া ধরা পড়ে। ছোট ছেলে হাবিবুল্লাহ মাত্র দুই বছর বয়সী, সেও তিন মাস ধরে একই রোগে আক্রান্ত। দুই শিশুর চিকিৎসা ও রক্ত পরিবর্তনে প্রতি মাসে ১৫–২০ হাজার টাকা খরচ হয়। এতে তার মাসিক আয়ের বেশিরভাগই খরচ হয়ে যায় এবং পরিবারের অন্যান্য খরচ চালাতে হিমশিম করতে হচ্ছে।
মনসুর বলেন, ছেলেদের এই যন্ত্রণা আর দেখতে পারছি না। ডাক্তাররা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ করতে হলে বিদেশে চিকিৎসা করাতে হবে। প্রতিজনের চিকিৎসার খরচ প্রায় ৫০ লাখ টাকার মতো। আমার একার পক্ষে এটি বহন করা সম্ভব নয়।
মানুষের প্রতি সাহায্যের আবেদন জানিয়ে মনসুর বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের সব মানুষের কাছে অনুরোধ করছি—দয়া করে আমার সন্তানদের বাঁচাতে এগিয়ে আসুন। আপনাদের সাহায্যেই তাদের নতুন জীবন ফিরিয়ে আনা সম্ভব।
শিশুদের মা শারমিন বেগমও বলেন, মা হিসেবে সন্তানদের কষ্ট সহ্য করা অসম্ভব। দয়া করে আমার সন্তানদের সুস্থ হতে সাহায্য করুন।”
সহায়ক পরিবহণ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, “মনসুর ভাই দুই থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসন এবং দেশবাসী এগিয়ে আসলে তাদের জীবন আবার স্বাভাবিক হতে পারে।
শাবিপ্রবির পরিবহন বিভাগের দায়িত্বপ্রাপ্ত তাত্ত্বাবধায়ক প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী বলেন, “মনসুর আমাদের পরিবহন ইউনিটের একজন পরিশ্রমী কর্মী। তার দুই সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এটি অত্যন্ত কষ্টের বিষয়। সহকর্মীরা মিলে সহায়তা করার চেষ্টা করছি এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি। সমাজের মানবিক মানুষরা এগিয়ে এলে বাচ্চাদের চিকিৎসা চালানো সম্ভব হবে।”
সাহায্য পাঠানোর ঠিকানা:
মোহাম্মদ মনসুর
সোনালি ব্যাংক, শাবিপ্রবি শাখা
হিসাব নং: ৫৬৩২৫০১০১০৭৩৭
শারমিন বেগম
ডাচ-বাংলা ব্যাংক, মাছিমপুর শাখা
হিসাব নং: ৭০১৭৪১৪১৩২৮০০
বিকাশ: ০১৯১৯৮১৪৫৯৮ (পার্সোনাল, মোহাম্মদ মনসুর)