সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগের (নিষিদ্ধঘোষিত) রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন মাদারীপুর রাজৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বাবুল বাঘা। দলীয় কোনো পদে না থকলেও আওয়ামী লীগের সমর্থনে দুই দফা পৌরসভা কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। এসময় তার পরিবারের সদস্যদের তার পাশে দেখা গেছে। এসময় তার কোনো অনুসারী কিংবা দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি।
স্থানীয় ও পৌরসভা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শাসনকালে বাবলু দুই দফা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে ছিলেন। এর আগে গত ২০১৫ এবং ২০২০ সালে দুই দফা আওয়ামী লীগের সমর্থনে কাউন্সিলর নির্বাচিত হন বাবলু বাঘা। সর্বশেষ বৃহস্পতিবার আওয়ামী লীগের সব ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতির ঘোষণা দেন তিনি।
এসময় বাবলু বাঘা বলেন, আওয়ামী লীগের সব ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিয়েছি আমি। আমার শারীরিক ও পারিবারিক কারণে পরিবারের সদস্যদের পরামর্শ অনুযায়ী আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আগামীতেও আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত থাকবো না।