গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙ্গারি মালামাল খুঁজতে গিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে লালমোন নেছা নামে এক নারী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার রাধাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লালমেনা নেছা উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলী সরদারের স্ত্রী। কোটালীপাড়ার বিভিন্ন এলাকা থেকে ভাঙারি মালামাল কুড়িয়ে সেগুলো দোকানে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাধাগঞ্জের বিভিন্ন জায়গা থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে এক জায়গায় জড়ো করে রাখেন লালমোন নেছা। এক পর্যায়ে রাস্তার পাশে বিশ্রাম নেওয়ার সময় তিনি কুড়িয়ে পাওয়া মালামাল নাড়াচাড়া করতে গিয়ে গোলাকার একটি বস্তু হাতে তুলে নেন। মুহূর্তেই সেটি বিস্ফোরিত হলে তার বাম হাতের ২–৩টি আঙুল ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। বিস্ফোরণে শব্দ শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দে বাইরে এসে দেখি ওই মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমরা দ্রুত তাকে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে যাই।
কোটালীপাড়া ১০০ শয্যার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবির আহম্মেদ জানান, ককটেল সদৃশ বিস্ফোরক থেকে তিনি আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।