তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় ভবিষ্যতে ‘ফ্যাসিস্ট’ শাসক তৈরির পথ রুদ্ধ করবে: রিজভী

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করবে এবং ভবিষ্যতে ‘ফ্যাসিস্ট’ শাসক তৈরির পথ রুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছিলেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক চিকিৎসাসহায়তা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হওয়ায় ন্যায়বিচার ও গণতন্ত্রের পথচলায় বড় অগ্রগতি এসেছে। তার ভাষ্য, “এই রায় অত্যন্ত ইতিবাচক। এর মাধ্যমে গণতন্ত্রের প্রাণভোমরা আবারও পুনরুজ্জীবিত হয়েছে।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে এ ব্যবস্থা বাতিল করেছিল, যা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নজির তৈরি করে।

রিজভীর দাবি, শেখ হাসিনা মানবিকতা ধারণ করতে পারেননি বলে রাষ্ট্রক্ষমতায় দাঁড়িয়ে ‘কঠোর ও নিষ্ঠুর’ আচরণ করেছেন।

অনুষ্ঠানে রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বছরও নিজের জন্মদিন পালন করছেন না। কারণ হিসেবে তিনি বলেন, দেশে বহু মানুষ অভাব, অসুস্থতা ও দুর্দশায় ভুগছে—এ কঠিন বাস্তবতায় জন্মদিন উদ্‌যাপনকে দায়িত্বশীলতা মনে করেন না তারেক রহমান।

রিজভীর ভাষায়, “মানুষ কষ্টে আছে। হাসপাতালের বিল দিতে না পেরে কেউ সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে। এ অবস্থায় কীভাবে জন্মদিন পালন করবেন তারেক রহমান?”

তিনি আরও বলেন, তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়াতে ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে এই মানবিক কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান বক্তব্য দেন। পরে তারেক রহমানের পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।