শিবচরের বন্যা কবলিত ও নদী ভাঙন এলাকায় প্রতিদিন ত্রাণ বিতরণ চলছে। জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির নির্দেশে এ ত্রাণ বিতরণ করা হচ্ছে।
জানা যায়, গত ২৭ জুলাই আটটি শিক্ষা প্রতিষ্ঠানে তারেক মোহাম্মদ হায়দার ট্রাস্টের ২৫ লাখ টাকা করে মোট ২ কোটি টাকা অনুদান প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনকে নির্দেশ দিয়ে বলেন, ‘আপনারা সরকারের পাশাপাশি নিজেরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। যে যতটুকু পারেন তাদের সাহায্য করুন।’
এরপর থেকে উপজেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, যুবলীগ, স্বেচাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শিবচরের ৫টি ইউনিয়নের বন্যা কবলিত ও নদী ভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছে। বন্দরখোলা, কাঁঠালবাড়ী ও চরজানাজাত ইউনিয়নের ত্রাণ বিতরণ আজ ৩১ জুলাই বুধবারও চলমান।
এর আগে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত ও নদী ভাঙ্গন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসাবে পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিড়া, আধা কেজি নুডুলস, নগদ টাকা ও শুকনো খাবার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: গাইবান্ধায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে সাত
এছাড়া ১ হাজার ৫শ পরিবারের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করে উপজেলা আওয়ামী লীগ। এ পর্যন্ত ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেছেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান তোতা, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান ও উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/নূহু