ভূমিকম্প: ক্ষয়ক্ষতির যেসব তথ্য দিলো ফায়ার সার্ভিস

সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকার কাছে নরসিংদীতে ‘৫.৫ মাত্রার’ যে ভূমিকম্প আঘাত হানে, তাতে এখন পর্যন্ত অন্তত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও শুক্রবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন এলাকা থেকে ভবনে ফাটল ধরার এবং পলেস্তরা খসে পড়ার তথ্য এসেছে। 

বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে পাওয়া ক্ষয়ক্ষতির একটি তালিকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ প্রকাশ করেছে।

ভূমিকম্পের সময় ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে ‘তিন পথচারীর’ মৃত্যু হয়। অন্যদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি ভবনের দেয়াল ধসে দশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাগুলোতে মোট চারজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া, দেশের বিভিন্ন স্থান থেকে ভবন ও স্থাপনার আংশিক ক্ষয়ক্ষতি এবং পলেস্তরা খসে পড়ার খবর পাওয়া যাচ্ছে।

১. আরমানিটোলার কসাইটুলি এলাকায় ৮ তলা ভবন ধসে পড়ার খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে যায়। তারা দেখতে পায় পলেস্তারার কিছু আলগা অংশ এবং কিছু ইট খসে পড়েছে। ভবনের কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস হতাহত কাউকে সেখানে পায়নি।

২. খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।

৩. বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসায় আগুনের খবর পাওয়া যায়। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়। ভূমিকম্পের কারণেই ওই আগুন লেগেছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

৪. সূত্রাপুর স্বামীবাগ আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গেছেন।

৫. প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ক্ষয়ক্ষতি নেই।

৬. কলাবাগানের আবেদখালী রোডে একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল।

৭. মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা বাড়িতে আগুন লাগে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে গেছে।