রাজধানীতে সকালে আঘাত হানা ভূমিকম্পে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন অংশে ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে ডিপারচার গেট ৪ ও ৫ এর সংযোগস্থলে সিলিংয়ের প্লাস্টার খসে পড়ে এবং দৃশ্যমান ফাটলের সৃষ্টি হয়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পন শুরু হতেই যাত্রীরা আতঙ্কে দৌড়াদৌড়ি করেন। সিলিংয়ের প্লাস্টার ঝরে পড়ার পর ক্ষতিগ্রস্ত জায়গাটি দ্রুত ঘিরে ফেলে বিমানবন্দর কর্তৃপক্ষ। কিছু সময়ের জন্য ওই অংশে যাত্রী চলাচল সীমিত করা হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, ‘ডিপারচার ড্রাইভওয়ের সিলিং জয়েন্ট থেকে কিছু প্লাস্টার পড়েছে। তবে রানওয়ে, অ্যাপ্রোন বা টার্মিনালের ভেতরে কোনো ক্ষতি হয়নি। সব ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।’
বিমানবন্দর সূত্র জানায়, কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ের জন্য বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বিশেষজ্ঞ দল পরিদর্শন শুরু করেছে। তারা ফাটলের গভীরতা, বিস্তার ও সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করছেন। বুয়েটের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় মেরামত ও নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হবে।
এদিন সকালেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। ছোটখাটো আফটার শক হতে পারে, তবে বড় ধরনের ঝুঁকি এখনো দেখা যায়নি।’
এর আগেও চলতি বছরের ৫ মার্চ এবং ২৮ মে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল।