ট্রাম্পের সঙ্গে চুক্তির আওতায় ৩১ ইউক্রেনীয় বন্দীকে ক্ষমা করলেন লুকাশেঙ্কো

ফৌজদারি অপরাধে অভিযুক্ত ইউক্রেনের ৩১ জন বন্দীকে ক্ষমা করে দিয়েছে রাশিয়ার মিত্র বেলারুশ। শনিবার (২২ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চুক্তির অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়।

সম্প্রতি লুকাশেঙ্কোর সঙ্গে যোগাযোগ করে ট্রাম্প বন্দীদের মুক্তি দেওয়ার জন্য আলোচনা করেন। বিনিময়ে ওয়াশিংটন বেলারুশের বেলাভিয়া এয়ারলাইন্সের ওপর থেকে আংশিকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়।

লুকাশেঙ্কোর মুখপাত্র নাতালিয়া আইসমন্ট রাষ্ট্রীয় টিভিকে জানিয়েছেন, 'প্রেসিডেন্ট আমাদের দেশের ভূখণ্ডে ফৌজদারি অপরাধকারী ৩১ জন ইউক্রেনীয় নাগরিককে ক্ষমা করেছেন।'

ইউক্রেনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, 'প্রতিবেশী রাষ্ট্রটিতে সশস্ত্র সংঘাতের নিষ্পত্তির জন্য পরিস্থিতি তৈরি করা' এই পদক্ষেপের লক্ষ্য।

আইসমন্টের মতে, ক্ষমাপ্রাপ্ত ইউক্রেনীয়দের পরিচয় জানা যায়নি। তাদের 'এখনই' ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এর আগেও লুকাশেঙ্কো কয়েক ডজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছিলেন। অধিকার গোষ্ঠীগুলোর মতে, বেলারুশিয়ান কারাগারে এখনো ১০০০ এরও বেশি 'রাজনৈতিক বন্দী' রয়ে গেছে।