হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১,৩০০ গ্রাম স্বর্ণালংকারসহ নূরুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২২ নভেম্বর) বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় এপিবিএনের টহলদল তাকে আটক করে।
এপিবিএন জানায়, পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে নূরুল আলম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি করলে তার গলায় ঝুলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে ২১, ২২ ও ২৪ ক্যারেটের মোট ১,৩০০ গ্রাম স্বর্ণালংকার ও ১৩,৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এসব স্বর্ণ জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে আনার পর রিসিভার হিসেবে কাজ করতেন।
এপিবিএন সূত্র জানায়, চলতি বছরে এ পর্যন্ত তাদের অভিযানে মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে।
ঘটনার বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। স্বর্ণ ও মাদক চোরাচালান বন্ধে এপিবিএন সবসময় সতর্ক থাকে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালানের বিরুদ্ধে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”
আটক নূরুল আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫/বি (১)(বি) ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।