ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান ডিএমজিটি জানিয়েছে, তারা প্রতিদ্বন্দ্বী জাতীয় দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ অধিগ্রহণে ৫০০ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৬৫০ মিলিয়ন ডলার) চুক্তিতে পৌঁছেছে। সফলভাবে লেনদেন সম্পন্ন হলে এটি যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী ডানপন্থী মিডিয়া গ্রুপগুলোর একটি হয়ে উঠবে।
চুক্তিটি আসে এমন একসময়, যখন মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স মাত্র এক সপ্তাহ আগে টেলিগ্রাফ কেনার বিড প্রত্যাহার করে নেয়। ২০২৩ সালে রেডবার্ড-আইএমআই যৌথভাবে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ ও দ্য স্পেক্টেটর ম্যাগাজিন কিনলেও, যুক্তরাজ্য সরকার বিদেশি রাষ্ট্রীয় বিনিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করায় প্রক্রিয়াটি আটকে যায়। পরবর্তীতে আবুধাবি সমর্থিত আইএমআই-কে ১৫ শতাংশ সীমিত অংশীদার করার প্রস্তাব দেওয়া হলেও ধীরগতির নিয়ন্ত্রক অনুমোদন ও অভ্যন্তরীণ বিরোধিতা রেডবার্ডকে সরে যেতে বাধ্য করে।
ফিনান্সিয়াল টাইমসের তথ্যমতে, রেডবার্ড কনসোর্টিয়ামের ব্যয় শোধ করতেই ডিএমজিটির প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিএমজিটি জানিয়েছে, লেনদেন চূড়ান্ত করতে প্রয়োজনীয় নথি ও নিয়ন্ত্রক অনুমোদনের প্রক্রিয়া দ্রুতই শুরু হবে। প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে, তহবিল কাঠামোতে কোনো বিদেশি রাষ্ট্রীয় বিনিয়োগ নেই। তাই এটি যুক্তরাজ্যের বিদেশি প্রভাববিষয়ক নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
ডিএমজিটির মালিকানায় বর্তমানে দ্য মেইল অন সানডে, মেট্রো, দ্য আই পেপার ও নিউ সায়েন্টিস্টসহ একাধিক গণমাধ্যম রয়েছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্য ডেইলি টেলিগ্রাফ সম্পাদকীয়ভাবে স্বাধীনভাবেই পরিচালিত হবে।
রেডবার্ড আইএমআই এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তিটি দ্রুত পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে। তবে টেলিগ্রাফ এখনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি।