বন্ধুর বাসায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুরের টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার ওসি ইমরানুল কবীর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামের মোখলেসুর রহমান মুকুলের ছেলে ইয়াসিন হোসেন এবং ভোলার চরফ্যাশন উপজেলার রাবদী গ্রামের মো. রাকিব। 

পারিবারিক সূত্র জানায়, রাকিব দুই দিন আগে ভোলা থেকে ঘাটাইলের বন্ধু ইয়াসিনের বাসায় বেড়াতে আসে। আজ দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে মধুপুর জঙ্গলের রসুলপুর এলাকার একটি ফল বাগান দেখতে যায়। পরে মোটরসাইকেলে করে মধুপুরে ফেরার পথে গজারী বনের মধ্যে টেলকি সড়কের একটি বাঁকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাইলেজ নির্দেশক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
তীব্র আঘাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।